শনিবার, ১২ জানুয়ারি, ২০১৯


উৎসবের আমেজ

 

 

একটা পরিচিতির সুবাদে ২০১৮ সালের নভেম্বরে মণিপুরের ইম্ফল শহরে সাঙ্গাই উৎসবে আমন্ত্রণ পাওয়া গেল। সরকারি উদ্যোগে উৎসব, মেলা বসেছে। যেমন কলকাতায় শীতে মেলা বসে, সেইরকমই আর কি।

তার সাথে ইম্ফলের মাপাল কাংজেইবুং ক্রীড়াঙ্গনে খেলাধুলার আসর। মন্ত্রী আমলা রাজ্যপাল সমবেত। আমিও আমন্ত্রিত। দেশী বিদেশী খেলোয়াড়রা ক্রীড়াকুশলী প্রদর্শন করছেন এবং মণিপুরি লোকসংস্কৃতি সহ নৃত্যকলার প্রদর্শন। যথেষ্টই উপভোগ্য। সংস্কৃতিচর্চার বেশ শুভ উদ্যোগ নিয়েছেন কর্মকর্তারা যার উদ্দেশ্য ঐক্যস্থাপনএই কারণেই আমার মত সাধারণ ব্যক্তির আমন্ত্রণ। আসরে মণিপুরি সুখাদ্য পরিবেশিত হয়ে আরও ভাগ্যবান মনে করলাম নিজেকে।

 

 

 

 

একজন কর্মকর্তা কর্নেল রঞ্জন নিজে থেকে এসে আলাপ করলেন। অবসরপ্রাপ্ত সৈনিক, ক্রীড়ামোদী। আলাপী এবং বড়ই দুঃখী। নিজের শোক ব্যক্ত করেন সহমর্মিতার আশায়। আমাকে নিজের গাড়িতে করে ঘোরাতে ঘোরাতে যা বললেন তা নিতান্ত ই বেদনাদায়ক।

ভদ্রলোকের তিন ছেলের মধ্যে মধ্যমটি ছিল শ্রেষ্ঠ। এমেরিকায় নিজের কোম্পানি খুলেছিল, লন টেনিস চ্যাম্পিয়ন ছিল কলেজে। এমেরিকায় সে থাকত। বন্দুকবাজের নিশানায় প্রাণ দিয়েছে বছর কয়েক আগে।

সজল নয়নে মেলা প্রাঙ্গনে নিজের মোবাইল থেকে দেখাচ্ছিলেন আমাকে নিজের পরলোকগত পুত্রের ছবিগুলো। কোনটা টেনিস খেলার, কোনটা অফিসএর কোনটা কলেজের। সবশেষে দেখালেন এমেরিকার আদালতের রায়। ৪১ বছর আর ৬ মাস কারাদণ্ড হয়েছে আততায়ীর। প্রবীণ ব্যক্তির কাঁধে হাত দিয়ে সমবেদনা জানালাম, কী আর করতে পারতাম! একেই নিয়তি বলে। ওঁর জ্যেষ্ঠ পুত্র মেলায় ফটোগ্রাফির বিপণি পত্তন করেছিল, সেখানেই বসলাম। চা আর পকৌড়া এল। কনিষ্ঠ পুত্র ডেনমার্কে মেরিন ইঞ্জিনিয়ার।

 

যথেষ্ট উপভোগ করলাম উৎসব। আরও অনেকের সাথে আলাপ হলপ্রসিদ্ধ ডাক্তার চৌরজিৎ  সিংহ, জনপ্রিয় খেলোয়াড় বিমল সিংহ ও কাওবা সিংহ। দেখলাম মণিপুরের প্রাচীন লোকক্রীড়ার প্রদর্শন, মণিপুরি নৃত্য। ঘুরে দেখলাম ওখানকার জাদুঘর। কর্মকর্তাদের এই উদ্যোগ ও আয়োজনকে সাধুবাদ দিয়ে ধন্যবাদ জানিয়ে ফেরার পালা।

বিমানের আসনে বসে বসে মনে হচ্ছিল বারবার-উৎসব উপভোগ যেমন করলাম তেমনই এক শোকাহতের প্রতি সহমর্মী হওয়ার সুযোগও ত পেয়ে গেলামসহমর্মিতার সংযোগও ত উৎসবের অঙ্গ। ছোটবেলায় পড়েছিলাম মেলার এক উদ্দেশ্য সহমর্মিতা – সেই সত্য যেন একবার প্রত্যক্ষ অনুধাবন করলাম।

এইরকম একটা উৎসবের আমেজ নিয়ে ফিরে এলাম যার রেশ হয়ত কিছুদিন থাকবে আর তারপর হারিয়ে যাবে ব্যস্ত জীবনে।

২৫/১২/২০১৮