কলকল স্রোতস্বিনী তীর তপোবন ।
খেচর ভূচর সহ গাহে কবিগণ ।।
গলিত রজতধারা জ্ঞান স্পর্শমণি।
ঘন অজ্ঞান তিমিরনাশী মন্ত্রধ্বনি।।
চঞ্চল নৃত্য বাদ্যগীত সুমন্দ্র মন্ত্র ।
ছন্দময় কাব্য শাস্ত্র জ্ঞানগর্ভ গ্রন্থ ।।
জগতে অপূর্ব তব ভাণ্ডার অনন্ত ।
ঝংকারে তব বীণা রণিত দিগন্ত ।।
টলটল সরোবর জ্ঞানী গুণী চিত্ত ।
ঠকঠক কাঁপে সদা স্মরিয়া অনিত্য ।।
ডাকিয়া ডাকিয়া ফিরে তোমারেই বারবার।
ঢাকিয়া ঢাকিয়া দাও জ্যোতিরূপে সে আঁধার ।।
তব শুভ্র আলো হতে আলোকিত সংসার।
থরথর তোমা হতে বিড়ম্বিত অহঙ্কার ।।
দিব্য সঙ্গীতে ভরিয়াছ এই আনন্দসাগর বসুন্ধরা ।
ধারণ করিয়াছ সকল অমোঘ শাস্ত্রবাণী মধুক্ষরা ।।
নত নত শিরে করে মুনি ঋষি বন্দনা ।
প্রণতি করিতে রত বিদ্যার্থী যতজনা ।।
ফুলে ফুলে তব পূজা সুগন্ধিত দশদিশ ।
বরণ করিয়া গাহে কবিকণ্ঠ অহর্নিশ।।
ভারতি ! হর ভার এই মম কামনা।
মর্মে মর্মে রচ চির অমর সাধনা।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন